সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা আরিফের

প্রকাশিত April 12, 2026
সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা আরিফের

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা রবিবার (১২ এপ্রিল/২৯ চৈত্র) অনুষ্ঠিত হয়েছে।
এতে উপদেষ্টা হিসেবে যোগদান করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী সভায় সিলেটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিবি, র‍্যাব ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পিআইডি সিলেট