নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্তে বাংলাদেশে ও ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৪ জনকে আটক করেছে।
রবিবার (১২ এপ্রিল/২৯ চৈত্র) বিকেলে ডোনা বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার কাচারিপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে মো আলী হোসাইন (৩৫, পিতা শামসু আলম) নামের কক্সবাজারের ১ নম্বর কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্যকে আটক করা হয়। তার কাছে বাংলাদেশী ২ হাজার ৩৯০ টাকা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম পাওয়া যায়।
আটককৃত এফডিএমএন সদস্য জানান, ভারতের হায়দারাবাদে তার পরিবার থাকে। পরিবারের কাছে যাওয়ার জন্য দালাল চক্রের মাধ্যমে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন।
পরে এই দালাল চক্রের সদস্য রুমেল আহমেদকে (২৩, পিতা সুনু মিয়া, মিকিরপাড়া, কানাইঘাট, সিলেট) ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়; কিন্তু শিহাব আহম্মেদ (৪০, পিতা মৃত আখলিস মিয়া, কাচারিপাড়া, কানাইঘাট, সিলেট) নামের অপর দালাল পালিয়ে যায়।
একই দিন সন্ধ্যায় আটগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল একই উপজেলার পূর্ব কারাবাল্লা নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে মো রুবেল শেখ (৩৩, পিতা মৃত মহর শেখ, কাঞ্চনপুর, কালিয়া, নড়াইল) নামের একজনকে করা হয়। তার নিকট থেকে বাংলাদেশী নগদ ১৮ হাজার ৭৬০ টাকা, ১টি মোবাইল ফোন সেট ও ১টি সিম জব্দ করা হয়। তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে জানান।
একই সাথে শাহানাজ (৪০, পিতা মৃত রশিদ, শেখপাড়া, মনিরামপুর, যশোর) নামের এক নারীকেও আটক করা হয়। তিনি চাকরির জন্য ভারতে যাওয়ার সময় আটক হন।
এ ঘটনায় সম্পৃক্ত দালাল চক্রের সদস্য মো আলী হোসেন, (পিতা মৃত ময়ান, বাঙ্গালীপাড়া, ডোনা, কানাইঘাট, সিলেট) ১টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।