নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাকে সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেছেন।
তারা বলেছেন, হারিস মোহাম্মদ সততার সাথে সাংবাদিকতা করে গেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় কেটেছে সংগ্রাম করে। তবু কখনো অন্যায়ের সাথে আপস করেননি।
শুক্রবার (৩ এপ্রিল/৩০ চৈত্র) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
হারিস মোহাম্মদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সতীর্থ সহকর্মী সাংবাদিক ও পরিবারের সদস্যরা আবেগতাড়িত হয়ে পড়েন ।
তারা বলেন, হারিস মোহাম্মদ সিলেটের সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার লিখনী, সততা ও নিষ্ঠার মধ্য দিয়ে। সেই সময়ের নতুন প্রজন্ম তাকে অনুসরণ করেছেন। এ প্রজন্মের সাংবাদিকরাও তার জীবনী অনুসরণ করলে উপকৃত হবেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি, উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক, সিলেটভিউ.কম সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য রাজিব রাসেল, সিনিয়র সাংবাদিক ইউএনবির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মহসীন, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, উত্তরপূর্ব পত্রিকার সাব এডিটর ফয়জুল আহমদ, প্রয়াত হারিস মোহাম্মদের স্ত্রী জ্যোৎস্না আক্তার, মেয়ে খাদিজাতুল কুবরা, ছেলে আব্দুল্লাহ হারিস পাশা, মেয়ের জামাই রাশিক ইসলাম ও নিকটাত্মীয় আজিজ সাকি।