নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে অবৈধভাবে টিলা ও কৃষি জমির মাটি কাটার দায়ে দুজনের নিকট থেকে জরিমানা ও মুচলেকা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল/২০ চৈত্র) সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইউনিয়নের হাতুরা গ্রামের হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা ও কৃষি জমির মাটি কর্তনের সময়ে হাতেনাতে দুজনকে আটক করেন।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের (২০১০) ৪(চ) ও (ছ) ধারা লংঘন করায় এবং অপরাধ স্বীকার করে নেওয়ায় একই আইনের ১৫ ধারা অনুযায়ী তাদেরকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মেম্বারের উপস্থিতিতে অপরাধীদের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।