নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো আমিনুল হক বলেছেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়-প্রতিটি খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে।
বুধবার (১ এপ্রিল/১৮ চৈত্র) সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নতুনকুঁড়ি স্পোর্টস উদ্বোধন উপলক্ষে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে বিএনপি সরকারের অবদান উল্লেখযোগ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে নতুনকুঁড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রবর্তন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি বিশ্বাস করেন, খেলাধুলার প্রসার ঘটলে যুবসমাজ মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে থাকবে।
তিনি জানান, সারাদেশে নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে এ কর্মসূচি উদ্বোধন করবেন এবং একই সঙ্গে দেশের ৬৪ জেলায় প্রতিযোগিতার সূচনা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজন এবং খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফর এবং সিলেট থেকে এমন একটি বড় আয়োজনের উদ্বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কর্মসূচি সফল করতে সিসিকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবীও বিশেষ অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ইলিয়াস মিয়া ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।