শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে আর্থিক দেনা-পাওনাকে কেন্দ্র হাতাহাতিতে চেয়ারম্যানসহ দুই জন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ/১৬ চৈত্র) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত অন্যান্য মেম্বারের সামনেই এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও তার ভাই জুয়েল চৌধুরী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সহদেব চন্দ্র দাসের সঙ্গে চেয়ারম্যানের পাওনা টাকা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সোমবার বিকেলে মেম্বার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এ সময় মেম্বার চেয়ারম্যানের কলার চেপে ধরেন ও কিলঘুষি মারেন।
চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি মেম্বার সহদেব চন্দ্র দাসের নিকট থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন; কিন্তু পাওনা টাকা চাওয়ার অজুহাতে তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে।
অন্যদিকে মেম্বারের দাবি, তিনি চেয়ারম্যানের কাছে সাড়ে ৪ লাখ টাকা পান। পাওনা টাকা চাওয়ামাত্রই চেয়ারম্যান ও তার লোকজন তাকে মারধর করে ভবন থেকে বের করে দেন।
এ ব্যাপারে শাল্লা থানার ওসি মো রোকিবুজ্জামান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, বিষয়টি তিনি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন।