নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাফিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না এলাকার সাফিয়া বেগম (৬৮) ও তার পরিবারের লোকজন প্রতিপক্ষের বাড়ির পূর্ব পাশের রাস্তা দিয়ে চলাফেরা করতেন; কিন্তু প্রতিপক্ষ এতে প্রায়ই বাঁধা প্রদান করতো। এছাড়াও জায়গা-জমি নিয়েও দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে।
এর জের ধরে গত ২০ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর আড়াইটায় সাফিয়া বেগম বিরোধীয় রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
পরবর্তী সময়ে সাফিয়া বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এখান থেকে রেফার করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি রাত আড়াইটায় তিনি মারা যান।
এ ঘটনায় তার ছেলে বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শনিবার (২৮ মার্চ) সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর ও ৪ নম্বর পলাতক আসামি গন্না গ্রামের যথাক্রমে মো ইদন মিয়া (৬০, পিতা মৃত সমসু উদ্দিন) ও মো মকসুদ আলিকে (৪০, পিতা মো ইদন মিয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।