কাঙ্ক্ষিত স্বদেশ গড়ার অঙ্গীকার শাণিত করে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত March 26, 2026
কাঙ্ক্ষিত স্বদেশ গড়ার অঙ্গীকার শাণিত করে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, জীবনবাজি রাখা অগণিত অকুতোভয় মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা তিন লাখ মা-বোন ও সর্বস্ব হারানো কোটি জনতাসহ বাঙালির জাতির কাঙ্ক্ষিত স্বদেশ গড়ার অঙ্গীকার শাণিত করার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার মহান এ দিনটির সূচনাতে দেশব্যাপী তোপধ্বনি এবং স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর ক্রমানুসারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম, বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো সারওয়ার আলম ও পুলিশ সুপার ড চৌধুরী যাবের সাদেক শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তী সময়ে দুপুর পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পিআইডি জানায়, সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী। জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড চৌধুরী যাবের সাদেক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খান ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা।