শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দিরাই ও শাল্লা উপজেলাকে দুর্নীতিমুক্ত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এলাকায় চুরি-ছিনতাই বন্ধের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের মিথ্যা মামলা বা হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
বুধবার (২৫ মার্চ/১১ চৈত্র) দুপুরে শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত দলীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাছির উদ্দিন চৌধুরী এলাকার সামগ্রিক উন্নয়নের ওপর জোর দিয়ে আরও বলেন, দিরাই-শাল্লাকে সব ধরনের অপরাধমুক্ত করে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই আওয়ামী লীগের কোনো সুযোগ সন্ধানীকে দলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।
শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো সিরাজুল ইসলাম সিরাজ। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্মআহ্বায়ক মো আব্দুল আওয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল করিম ও নিত্যানন্দ দাস নিতাই, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ।
মতবিনিময় শেষে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।