সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত March 24, 2026
সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেশের বাইরে থেকেও অনেকেই সিলেটের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে এ নগরকে সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে একত্রে বসবাস করেন, যা সকলের গর্বের বিষয়।
মঙ্গলবার (২৪ মার্চ/১০ চৈত্র) বিকেলে দক্ষিণ সুরমার পৈত্যপাড়ায় শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের বার্ষিক কালীপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। সে অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয় সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালনে সবাই সহযোগিতা করছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সিলেটে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্নে পালনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অতীতের ধারাবাহিকতায় সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দক্ষিণ সুরমা দীর্ঘদিন প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উত্তর সুরমার মতো দক্ষিণ সুরমাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
এ সময় তিনি শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের নাটমন্দির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ। এছাড়াও বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকার, সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত প্রমুখ।
একই দিন বিকেলে সিসিক প্রশাসক মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় গীতা সংঘের বার্ষিক কীর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এর আগে তিনি ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস- আইএনএসের উদ্যোগে তালতলায় একটি হোটেলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড সৈয়দ শাহ এমরান। সংবাদ বিজ্ঞপ্তি