পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা দুই উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদেরকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।’
ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরো বলেছেন, “ধনী-গরীব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব।”
এমপি লুনা আরও বলেছেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, খাল খনন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অনেক কাজ চলমান রয়েছে। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”
প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তাহসিনা রুশদীর লুনা মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন এবং সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।