নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৭ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড়া এলাকায় অভিযান চালায়।
আভিযানিক দলটি প্রাপ্ত খবর অনুসারে সেখানে একটি দোচালা টিনের ঘরের আশেপাশে পৌঁছামাত্র দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।
পরে আটককৃত একই উপজেলার কামালমোড়া গ্রামের মো জুবাঈদ (২১, পিতা তারা মোল্লা) ও নিদারাবাদ গ্রামের মো আবেদ মিয়ার (২২, পিতা মো বিল্লাল মিয়া) নিকট থেকে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা দায়ের করে তাদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।