জ্বালানি ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান আরিফের

প্রকাশিত March 8, 2026
জ্বালানি ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান আরিফের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার (৮ মার্চ/২৩ ফাল্গুন) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে তার অফিস কক্ষে লাইট ও এসি ব্যবহারে সংযমী হয়েছেন। এর মাধ্যমে তিনি সবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিয়েছেন।
ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মার্কেট ও পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
তিনি বলেন, ছিনতাইকারীরা ছিনতাই শেষে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। তাই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক ক্ষেত্রে মার্কেটের ভেতরে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করতে হবে। শুধু ছিনতাইকারী ও কিশোর গ্যাং নয়, তাদের পেছনে কারা রয়েছে তাও খুঁজে বের করতে হবে।
অপরাধী আটক হওয়ার পর কেউ তাদের ছাড়িয়ে নিতে এলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন।
প্রবাসীদের জন্য সিলেটে আধুনিক মানের স্বল্প ব্যয়ের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক প্রবাসী রাতে বিমানবন্দরে এসে থাকার জন্য উপযুক্ত হোটেল পাননা। এ বিষয়টি বিবেচনায় রেখে জিন্দাবাজারে ওভারসিজ ভবনে আধুনিক সুবিধাসম্পন্ন ১০তলা একটি ভবন নির্মাণ করা হবে। এতে হোটেল, ট্রেনিং সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থাকবে। পাশাপাশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার জন্য স্কুল ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিআইডি সিলেট