কোম্পানীগঞ্জ গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

প্রকাশিত March 4, 2026
কোম্পানীগঞ্জ গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখা দলের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লিটন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।
বুধবার (৪ মার্চ/১৯ ফাল্গুন) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে লিখিত বক্তব্যে দলের জেলা আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাঈম অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণমুখী আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাত ১২টার পর বিমানবন্দর সড়কে এডভেঞ্চার ওয়ার্ল্ড এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। আটক করা হয় গাড়িতে থাকা লিটন মাহমুদ ও গাড়িচালক জুনায়েদকে। তল্লাশিকালে গাড়ির পেছনের সিট থেকে একটি ওয়াকিটকি ও ডালার ভেতর থেকে একটি কুড়াল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আটক গাড়ি ও উদ্ধারকৃত ওয়াকিটকির মালিক কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল; কিন্তু পথে তিনি তার দায়িত্বাধীন এলাকায় একটি সংঘর্ষের খবর পেয়ে গাড়ি থেকে নেমে যান।এরপর চালক গাড়িটি নিয়ে সিলেট অভিমুখে রওনা দিলে চেকপোস্টে আটক হয়।
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, এসআই কামরুল ঘটনাস্থলে এসে গাড়ি ও ওয়াকিটকির মালিকানা স্বীকার করলেও ‘ডাকাতির প্রস্তুতিকালে আটক’ দেখিয়ে লিটন মাহমুদ ও জুনায়েদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়; কিন্তু এসআই কামরুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অবিলম্বে লিটন মাহমুদ ও জুনায়েদের মুক্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় জেলা ও উপজেলা পর্যায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইনানুগ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।