সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, উন্নয়ন ও নিরাপদ জনপদ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভেদ নয়, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমেই এমন জনপদ প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন
বুধবার (৪ মার্চ/১৯ ফাল্গুন) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর বলেন, “জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়ন ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে সকল মানুষ নিরাপদে বসবাস করবে, তরুণরা কাজ পাবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং সাধারণ মানুষ সরকারি সেবা পাবে হয়রানি ছাড়াই।”
এর আগে বিকেলে তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। কথা বলেন চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে। জানান, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকটের বিষয়ে দ্রুত সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী, সাবেক সহসভাপতি মইনুল হক চৌধুরী ও সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা চেরাগ আলী, আতাউর রহমান মানিক, আবদুল হাকিম, উপজেলা বিএনপি নেতা শাহ এহিয়া, কয়েছ আহমদ চৌধুরী, আলী আজগর ফয়েজ, রায়হান আহমদ, উপজেলা জামায়তে ইসলামীর নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন প্রমুখ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি