স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাড়ি ও দক্ষিণ সুরমা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ/১৮ ফাল্গুন) দুপুরে এই পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কারণ এখানেই রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি। এখানকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, খেলার মাঠ, খাল-বিল সবখানেই চরম অবহেলার চিত্র বিদ্যমান রয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক কামালউদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ হুইপ জি কে গউস ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দক্ষিণ সুরমাকে অবহেলার গ্লানি থেকে বের করে আনতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রতিমন্ত্রী আশ্বাস দেন।
সাংসদ এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল।তাই অবকাঠামোসহ মৌলিক খাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি প্রতিমন্ত্রীর কাছে শিক্ষা, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কালভার্ট, সেতু ও ফেরিঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি