লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে আটক ১ জন

প্রকাশিত March 2, 2026
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে আটক ১ জন

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব যুক্তরাজ্যের লন্ডন পাঠানোর আশ্বাস দিয়ে প্রতারণা করে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে আটক করেছে।
র‌্যাব-৯ জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার মো আরিফ আহমেদ (৩০) লন্ডন যেতে মো মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নামের দুজনের এমটিআর ট্রাভেল এনড্ ট্যুরিজমের সাথে চুক্তিবদ্ধ হন।
চুক্তি অনুযায়ী তাকে দু-তিন মাসের মধ্যে লন্ডন যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার শর্তে তিনি মোট ২৫ লাখ টাকার মধ্যে প্রথম দফায় ৩ লাখ টাকা পরিশোধ করেন।
পরবর্তী সময়ে চুক্তি মোতাবেক ভিসা হওয়ার পর আরিফ আহমেদ বাকি ২২ লাখ টাকা পরিশোধ করেন; কিন্তু গত ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টায় লন্ডন পাড়ি জমাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের এইমগ্রেশন বিভাগে যাওয়ার পর আরিফ আহমেদ জানতে পারেন, তার ভিসাটি জাল।
এই প্রতারণার ঘটনায় তিনি ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (২ মার্চ/১৭ ফাল্গুন) বিকেল সাড়ে ৪টার দিকে এসএমপির শাহপরান ধানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলায় এজাহার নামীয় ২ নম্বর পলাতক আসামি মনির আহমেদকে (৩৫, পিতা মৃত আব্দুর রউফ, পলাশ কুটির, ইসলামপুর, শাহপরাণ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।