সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

প্রকাশিত March 2, 2026
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে।
হায়ার এডুকেশন এক্সেলারেশন এন্ড ট্রান্সফরমেশন-হিট প্রজেক্টের আওতায় এনহান্সিং দ্যা প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্যা ডিপার্টমেন্ট অব প্লান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন এন্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ সাব প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিকের যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড মো মনিরুল ইসলাম।
তিনি জানান, এই প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবে। এছাড়াও এমএস ও পিএইচডি শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাবে। পাশাপাশি কৃষকরা গাছের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যে কোন পরামর্শ নিতে পারবে।
এ উপলক্ষে রবিবার (১ মার্চ) সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাব প্রজেক্টের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণা ও মানসম্পন্ন ল্যাব সুবিধা শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে উদ্ভিদের রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে প্লান্ট হেলথ ক্লিনিক কার্যকর অবদান রাখবে।
তিনি আরও বলেন, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্লান্ট হেলথ ক্লিনিক উন্নয়ন সংক্রান্ত এই উপ-প্রকল্প বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং কৃষক পর্যায়ে কার্যকর সম্প্রসারণ সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড মো আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-এলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড মো শহীদুল ইসলাম এবং সাউরেস পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মাহবুব ইকবাল।
দিন ব্যাপী কর্মশালায় শিক্ষক, গবেষক, ডিএই ও বিএডিসির কর্মকর্তা, এমএস ও পিএইচডি শিক্ষার্থী ও কৃষকসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি