হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আইএএএস বাংলাদেশ এইচএইউর (IAAS Bangladesh HAU) উদ্যোগে দুই দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক ‘লোকাল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে প্রথমবার আয়োজিত এ কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় ছিল ব্র্যাক ক্যারিয়ার হাব।
আয়োজনের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য দেন আইএএএস বাংলাদেশ এইচএইউর লোকাল ডিরেক্টর মো সাখাওত হোসেন সেজান। কার্যক্রম ও বিগত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক লোকাল ডিরেক্টর মো জুবায়ের আহম্মেদ।
উপাচার্য ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ শিক্ষার্থীদের নেতৃত্ব, দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকবৃন্দ উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় নবগঠিত অ্যাডভাইজরি বোর্ড, পূর্ববর্তী মেয়াদের অ্যাডভাইজরি বোর্ড সদস্য, বিগত বছরের এক্সিকিউটিভ বোর্ড ও কন্ট্রোল বোর্ড সদস্যদের ক্রেস্ট দিয়ে স্বীকৃতি দেওয়া হয়। সেরা কিউবি হিসেবে ক্রেস্ট অর্জন করেন এশা পাল। পাশাপাশি সেরা তিন কিউবি সদস্য তাসিন হোসেন নাবিল, মো রাব্বি আল হুদা ও সাইফ সিদ্দিকীকে বিশেষ উপহার ও সনদ প্রদান করা হয়।
একই দিনে একটি ফটো এক্সিবিশন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া কংগ্রেসের প্রথম দিন ব্র্যাক ক্যারিয়ার হাবের সহযোগিতায় দিনব্যাপী ক্যারিয়ার কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেশনে উচ্চশিক্ষার সুযোগ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পেশাগত লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি