র‌্যাবের অভিযানে বাহুবলে মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত March 1, 2026
র‌্যাবের অভিযানে বাহুবলে মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের বাহুবলে মামুন মিয়া হত্যা মামলার প্রধান আসামি বশর উদ্দিনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, জেলার বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের মামুন মিয়া একজন সিএনজি অটোরিকশা চালক। বশর উদ্দিন গত ৭ ফেব্রুয়ারি আনুমানিক রাত সোয়া ৩টায় মামুন মিয়ার অটোরিকশাটি ভাড়া করে তার বাড়িতে নিয়ে আসে; কিন্তু বাড়িতে আসার পর ঘর হতে ভাড়ার টাকা নিয়ে আসছে বলে চলে যায়। আনুমানিক এক ঘণ্টা পরও বশর উদ্দিন না ফেরায় মামুন মিয়া তাকে ডাক দিলে সে উত্তেজিত হয়ে ঘর থেকে বের হয়ে মামুন মিয়াকে অশ্লীলভাষায় গালিগালাজ করতে থাকে।
মামুন মিয়া তাতে প্রতিবাদ করলে বশর উদ্দিন সঙ্গী-সাথী নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে গুরুতর জখম করে।
গুরুতর অবস্থায় মামুন মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান।
সেখান থেকে তাকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখানে ২১ ফেব্রুয়ারি মামুন মিয়া মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মামুন মিয়ার মা বাদি হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (১ মার্চ/১৬ ফাল্গুন) আনুমানিক রাত সোয়া ২টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়াভাংগা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি বশর উদ্দিনকে (২৪, পিতা মৃত সমর উদ্দিন, আব্দা কামাল, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।