শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। যে আশা ও বিশ্বাস নিয়ে জনগণ আমাদেরকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আগামী ৫ বছরের প্রতিটি দিন সে প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি/১৩ ফাল্গুন) সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রবিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী আরো বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।
হজযাত্রী পরিবহন কার্যক্রম শেষ হলে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ- ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী/পিআইডি সিলেট