বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে তারেক আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি/১২ ফাল্গুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রামের বালিদীঘির পারের দক্ষিণ দিকে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক আহমদের সাথে তার প্রতিবেশী আতিক আহমদের (২১) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক আহমদ উপর্যুপরি তারেক আহমদের বুকে, হাতে ও উরুতে ছুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত তারেক আহমদকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে। এখানে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।