সাংবাদিক তাপস পুরকায়স্থের ভাইয়ের প্রয়াণে জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত February 25, 2026
সাংবাদিক তাপস পুরকায়স্থের ভাইয়ের প্রয়াণে জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্বর নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থর অগ্রজ সহোদর বিশিষ্ট লেখক ও গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন।
তার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, হিমাদ্রী দাশ পুরকায়স্থ ছিলেন একজন নিরলস গবেষক ও ইতিহাস সাধক। তার মৃত্যুতে সিলেটবাসী এক গুণীজনকে হারালো।
শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হিমাদ্রী দাশ পুরকায়স্থ গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী ও পুত্র-কন্যা রেখে গেছেন।
পরদিন বিকাল ৫টার দিকে বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে তার নিজ বাড়ির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
হিমাদ্রী দাশ পুরকায়স্থ সিলেটের প্রাচীন ইতিহাস নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। বিশেষ করে তাম্রশাসন ও শিলালিপির পাঠোদ্ধারে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি ভাটেরা তাম্রশাসন ও মহারাজ শ্রীচন্দ্রের ভূমিদানের তাম্রশাসনসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির পাঠোদ্ধার করে সিলেটের প্রাচীন ইতিহাসকে নতুনভাবে আলোকিত করেন। সংবাদ বিজ্ঞপ্তি