নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের নবনিযুক্ত প্ৰশাসক (মেয়রের দায়িত্ব) হিসেবে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি/১২ ফাল্গুন) দুপুর দেড়টায় নগর ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব সহ কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে নিয়ে তিনি একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চান। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
তিনি বলেন, “শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করবো।”
এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এরপর তিনি হজরত শাহজালাল (র) মাজার ও হজরত শাহপরান (র) মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে নগরভবনে এসে পৌঁছলে সিসিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
দুপুর আড়াইটায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।