নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রাসেল আহমদ নামের এক যুবককে হত্যার ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব আরো ৩ আসামিকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র্যাব-৯ জানায়, জেলার আজমিরীগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের রাসেল আহমেদের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক তার ও তার পরিবারের উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে, আগুন লাগায় ও লুটপাট করে।
হামলাকারীরা একপর্যায়ে রাসেল আহমেদকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। পরে মৃত ভেবে তাকে ফেলে রেখে চলে যায়।
পরবর্তী সময়ে রাসেল আহমেদকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৫, ২৯ ও ৪৭ নম্বর পলাতক আসামি আজমিরীগঞ্জ উপজেলার মাহীন সওদাগর (৩৬, পিতা মৃত একরাম হোসেন সওদাগর, রাজনগর), আলম মিয়া (৩০, পিতা সাফি মিয়া, আনন্দপুর) ও আনোয়ার মিয়াকে (৩৭, পিতা মোক্তার হোসেন, আনন্দপুর) গ্রেফতার করে।
উল্লেখ্য, এর আগে একই মামলার এজাহারনামীয় আরো ৩ আসামিকে র্যাব-৯ গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।