বাংলাদেশে আজ ভোটভুটি || বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশিত February 12, 2026
বাংলাদেশে আজ ভোটভুটি || বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি/২৯ মাঘ) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের কাছে অতি পরিচিত ‘ভোটাভুটি’ অর্থাৎ প্রতিটি নির্বাচনই অন্যতম উৎসব। তাই দেশজুড়ে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই উৎসবের আমেজ বিরাজ করতে থাকে।
এবারও তাই। তবে গত ৩টি জাতীয় সংসদ নির্বাচন ব্যাপক অংশগ্রহণমূলক না হওয়ায় চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন জাতির কাছে বহুল প্রত্যাশিত। প্রায় দেড়হাজার শিশু-কিশোর-তরুণ-যুবকের বুকের রক্তে সিক্ত পথ বেয়ে আসা এবারকার নির্বাচন প্রতিটি মানুষকে দারুণভাবে নাড়া দিয়েছে। প্রত্যেক ভোটার আশায় বুক বেঁধেছেন প্রায় দেড়যুগ পর পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগের, যার ফলশ্রুতিতে জনগণের প্রকৃত রায় নিয়ে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি প্রচুর। বরাবরের মতোই নারীদের সংখ্যা বেশি। সবাই নির্বিঘ্নে ভোট দেওয়ার আগ্রহ নিয়ে ছুটে এসেছেন।
বুধবার (১১ ফেব্রুয়রি) প্রতিটি কেন্দ্রে প্রেরণ করা হয় ভোটগ্রহণ সরঞ্জাম। সঙ্গে যান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নিজ নিজ কেন্দ্রে যথাসময়ে পৌঁছে যান।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী। এমন নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে দেশবাসী আশা করছেন।
একই সঙ্গে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। অর্থাৎ প্রত্যেক ভোটারকে এবার দুটি ভোট দিতে হচ্ছে।