বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ধানের শীষের নির্বাচনী শেষ প্রচার মিছিলে বিএনপি পরিবারের নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে।
ব্যানার-পোস্টারে সুশোভিত আর স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ জেগে উঠে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় প্রচারণার শেষ দিন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এতে সুরেলা গান, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে প্ল্যাকার্ড হাতে নারী-পুরুষরা অংশ নেন।
এ আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান ছাদ খোলা জিপে ‘ধানের শীষ’ নিয়ে হাত উঁচিয়ে জনগণকে শুভেচ্ছা জানান।
বর্ণাঢ্য মিছিলটি শহরের চৌমোহনা হয়ে এম সাইফুর রহমান সড়ক, সিলেট সড়ক, শাহ মোস্তফা সড়ক ও আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মে আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, মো হেলু মিয়া, মো ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি অদুদ আলম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সভাপতি মো রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
সমাপনী বক্তব্যে বিএনপি প্রার্থী এম নাসের রহমান নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উপস্থিতি জনগণের সমর্থনের প্রতিফলন। আগামী দুইদিন সতর্ক থাকতে হবে।
তিনি জনগণকে ভোটের দিন ভোট কেন্দ্রগুলো পাহারায় রাখার আহ্বান জানান।