নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটে ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিদন্দ্বী প্রার্থী ও তার লোকজন ‘দাঁড়িপাল্লা’র প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়রি/২৫ মাঘ) দুপুরে সিলেট-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
নেতৃবৃন্দ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন সিলেটে জামায়াতে ইসলামীর আমীরের সমাবেশে লাখ লাখ লোকজনের উপস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি ছিল। লোকসমাগম দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা, অসংলগ্ন ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন স্থানে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ভোটারদের হুমকি-ধামকিসহ নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে, যাতে ভোটাররা ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।
তারা হুশিয়ারি উচ্চারণ করেন, এরকম কোন সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা বা পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে ন। দেশপ্রেমিক ভোটাররা সকল ষড়যন্ত্র রুখে দিবে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, “প্রতিদ্বন্দ্বী পক্ষ আমাদের বিরুদ্ধে হিন্দুদেরকে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের হাস্যকর অভিযোগ তুলেছেন। অথচ ৫ আগস্টের পর সারা বিশ্ব দেখেছে জামায়েতে ইসলামীর কর্মীরা কিভাবে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পাহারা দিয়েছিল। আমরা মনে করি, ঠিক নির্বাচনের আগমূহুর্তে এরকম একটি মিথ্যা তথ্য প্রচারের উদ্যেশ্য হলো আমাদের ও সনাতন ধর্মের লোকেদের মাঝখানে একটা দেয়াল তেরির চেষ্টা, যা পূর্ববর্তী পলাতক ফ্যাসিস্টদের চরিত্রে দেখা গিয়েছিলো।”
এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে টাকা বিতরণের মাধ্যমে ভোট কেনার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে, যা খুবই ন্যক্কারজনক বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।
সম্ম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলী, এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, মহানগর শাখার আহ্বায়ক আব্দুর রহমান আফজাল, জাগপা সিলেট মহানগর শাখার সভাপতি শাহজাহান আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা নূরুল ইসলাম বাবুল, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি তাজুল ইসলাম হাসান, এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, জামায়াতে ইসলামীর মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক জায়দুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস মহানগর শাখার সহসভাপতি শাহ আশিকুর রহমান প্রমুখ।