ইলিয়াস আলীর গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে : লুনা

প্রকাশিত February 8, 2026
ইলিয়াস আলীর গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে : লুনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামী নির্বাচন অস্তিত্বের লড়াই। এম ইলিয়াস আলীর গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। তাই সর্বশক্তি দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
তিনি আরো বলেছেন, “আসন্ন নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এ নির্বাচন আমাদের বাঁচা-মরার নির্বাচন। এ নির্বাচন গণতন্ত্র বনাম দুঃশাসনের নির্বাচন।এ নির্বাচন সত্য বনাম মিথ্যার নির্বাচন। এ নির্বাচন আমাদের অধিকার ফিরে পাওয়ার অঙ্গীকারের নির্বাচন।এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।”
ইলিয়াসপত্নী লুনা বলেন, “আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে নয়, একজন সহধর্মিণী হিসেবে, নির্যাতিত পরিবারের একজন সদস্য হিসেবে ও ন্যায়ের দাবিদার একজন হিসেবে দাঁড়িয়েছি।”
রবিবার (৮ ফেব্রুয়ারি/২৪ মাঘ) বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এম ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী। বিশেষ বক্তা ছিলেন এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক সহসভাপতি মঈনুল হক চৌধুরী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোতাহার আলী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো শামীম আহমদ ও জামাল উদ্দীন। এছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি