বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন তারা ভালো যদি কিছু করে থাকেন সেটা তাদের কৃতিত্ব। অপকর্ম যদি কিছু থাকেন তারও দায় তাদের। কেউ কোন কিছু ভালো করেনি তা বলবোনা; কিন্তু যে মাটির নিচে সম্পদ আছে, মাটির উপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, যে দেশে হাওর বাওর, বনজ ও কৃষিজ সম্পদ আছে, যে দেশের মানুষ পরিশ্রমী, যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের কপাল বদলে যায় সে দেশের মানুষের কপাল বদলায়না। এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব।
শনিবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) সকাল ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হবিগঞ্জ-৩ আসনে জোট প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ডা শফিকুর রহমান বলেন, “এখানে বীর মুক্তিযোদ্ধা অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন আমি বিশ্বাস করি, এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেননা। জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন তাদের প্রতি এ দেশ, জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালো। তাদেরতো স্বপ্ন ছিল একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলোনা। এর জন্য সাধারণ জনগণ দায়ী নয়।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির হবিগঞ্জ-২ আসনে জোট প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব হবিগঞ্জ-৪ আসনে জোট প্রার্থী ড আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলামের সিলেট মহানগর আমীর মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের জোট প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, গণঅধিকার পরিষদ থেকে সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতা অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান, এনসিপি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
ডা শফিকুর রহমান সমাবেশে জেলার ৪ আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।