সিলেট জেলা প্রেসক্লাবে ইইউ পর্যবেক্ষক দল || নির্বাচনে ৩ বিষয়ে গুরুত্ব আরোপ

প্রকাশিত February 6, 2026
সিলেট জেলা প্রেসক্লাবে ইইউ পর্যবেক্ষক দল || নির্বাচনে ৩ বিষয়ে গুরুত্ব আরোপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়ন-ইইউ পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবক্ষণে ৩টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি/২৩ মাঘ) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।
তিনি জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা, অংশগ্রহণমূলক প্রকৃতি ও লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এই নির্বাচনকে ইইউ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও সদস্য দ্বোহা চৌধুরীর যৌথ পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির।
বৈঠকে ইভারস আইজাবস আরো বলেন, “আপনাদের সুন্দর দেশের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক—সব দিক থেকেই আমাদের সম্পর্ক জোরদার করার জন্য আমরা এখানে এসেছি।”
তিনি আরো জানান, তাদের মিশনের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি রয়েছে, যা হলো কেবল পর্যবেক্ষণ করা-রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া নয়।
ইভারস আইজাবস জানান, নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি তারা নির্বাচন সম্পর্কে প্রাথমিক বিবৃতি প্রদান করবেন। বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে কয়েক মাস পর। পর্যবেক্ষক দলটি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে। তাদের পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা, শহর ও গ্রামে ছড়িয়ে থাকবেন।
তিনি জানান, তাদের পর্যবেক্ষকরা স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করছেন, যার মধ্যে নির্বাচন কমিশন, সরকারি কর্তৃপক্ষ, প্রার্থী, দেশীয় পর্যবেক্ষক এবং বিভিন্ন এনজিও অন্তর্ভুক্ত রয়েছে।
ইউরোপ থেকে আরও ৯০ জন পর্যবেক্ষক আসবেন।
ঢাকায় তাদের কোর টিমে আইন বিশেষজ্ঞ এবং নির্বাচন ও মিডিয়া বিশ্লেষক রয়েছেন। তারা প্রথাগত ও সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করছেন; কিন্তু কোনোভাবেই এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেননা বা কাউকে কোনো পরামর্শ দিচ্ছেননা।
এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, নির্বাচন আয়োজন করা মূলত বাংলাদেশের নাগরিকদের কাজ এবং এখানে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
গোলটেবিল বৈঠকে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, সিনিয়র সদস্য, ইউএনবির ব্যুরো প্রধান মোহাম্মদ মহসিন দৈনিক উত্তরপূর্বর ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান দেবাশীষ দেবু, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো আব্দুল আহাদ, সংগঠনের সদস্য, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, দীপ্ত টিভি প্রতিনিধি জয়ন্ত কুমার দাস, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাব এডিটর মো শাকিলুজ্জামান প্রমুখ।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলে ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের নিবার্চন পর্যবেক্ষক দলে ছিলেন মিশনের মিডিয়া কর্মকর্তা এবারহার্ড লাউয়ি, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ক্রিশ্চিয়ান কেইলবাচ ও বাম্বি বাদিবাঙ্গোভা ও ইইউ প্রতিনিধি দলের সহকারী ফাইয়াজ তাইফুর।
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, কার্যনির্বাহী সদস্য তুহিন আহমেদ ও রাজিব রাসেল।
সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, স্টার নিউজ ও আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ফয়জুল আহমেদ, দৈনিক খোলা কাগজের ব্যুরো প্রধান মোহাজিরুল ইসলাম রাহাত, বার্তা টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মো মোশাহিদ আলী, স্টার নিউজ সিলেটের ভিডিও জার্নালিস্ট এহিয়া আহমদ প্রমুখ।