নিজস্ব প্রতিবেদক : সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী আহত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি মহানগরীর চৌহাট্টায় তাদের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল, যাতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও জেলায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। এই কর্মসূচি চলাকালে কোনো উসকানি ছাড়াই আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, একই দিনে বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কমিটি ঘোষণার বিষয়টি সামনে আসে, যা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, একটি বিশেষ মহল কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে অনলাইনে হুমকি ও উসকানির অভিযোগ তুলে জানানো হয়, ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামের একটি কথিত সংগঠনের সম্পাদক সাকিবুল হক লিপু সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিপ্লোমা’ প্রকৌশলীদের বিরুদ্ধে সহিংস হুমকি দিয়েছেন। উসকানি দিচ্ছেন এইচএসসি শিক্ষার্থীদের। এসব কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।
এছাড়া, সিলেটে হামলার ঘটনার আগের রাতে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আরো বলা হয়, সারাদেশে পরিকল্পিতভাবে কারিগরি শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলন থেকে ৩ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, ৩ ফেব্রুয়ারি চৌহাট্টায় কার নির্দেশে এবং কেন লাঠিচার্জ করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্ধারণ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; প্রকাশ্যে হত্যার হুমকি ও উসকানির অভিযোগে সাকিবুল হক লিপুকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি পর্যালোচনার নামে গঠিত একপাক্ষিক কমিটি বাতিল।
সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, দাবি আদায় না হলে তারা সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
একই সঙ্গে তারা দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখা নেতা ফয়জুর রহমান সিফাত, রাকিবুল ইসলাম, আবু জুবায়ের, তাহছিন আদনান জয়, ইফতেখার মাহমুদ, মতিউর রহমান, আল হাদী, আশিকুজ্জামান, সাব্বির সিয়াম, ইভান. অলি উল্লাহ, আল মাহমুদ, মো আব্দুল গাফ্ফার ফাহিম, আব্দুল ওয়াহিদ, ফাহমিদুর রহমান রোহান, সজিব প্রমুখ।