সিলেটে জামায়াতের নির্বাচনী জনসভা শনিবার || প্রধান অতিথি ডা শফিকুর রহমান

প্রকাশিত February 5, 2026
সিলেটে জামায়াতের নির্বাচনী জনসভা শনিবার || প্রধান অতিথি ডা শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট মহানগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
দলের জেলা ও মহানগর শাখা আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। এছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি/২২ মাঘ) দুপুরে সিলেট-১ আসনে জোট প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনসভায় লক্ষাধিক জনসমাগম হবে।
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। মাওলানা হাবিবুর রহমানও বক্তব্য রাখেন। এছাড়াও জোটের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার হেলিকপ্টারযোগে ডা শফিকুর রহমান হবিগঞ্জে পৌঁছবেন। সেখানে নির্বাচনী জনসভা শেষে সকাল সাড়ে ১১টায় বক্তব্য রাখবেন কুলাউড়ার নির্বাচনী জনসভায়। পরে বেলা ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছবেন।
সংবাদ সম্মেলনে সিলেটের নির্বাচনী জনসভা সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।