প্রার্থী মালিকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ব্যারিস্টার সালামের

প্রকাশিত January 30, 2026
প্রার্থী মালিকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ব্যারিস্টার সালামের

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি/১৬ মাঘ) দুপুরে ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট জেটি ঘাটে এম এ মালিকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার এম এ সালাম জানান, সিলেট-৩ আসনে
এম এ মালিকের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম জোরদার করছেন।
উঠান বৈঠকে এম এ মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের আওতায় প্রতি পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, যা টানা পাঁচ বছর কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজে পাওয়া যাবে।
কৃষকদের কোনো ধরনের সুপারিশ ছাড়াই সুদমুক্ত ঋণ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে বলেও তিনি জানান।
এম এ মালিক বলেন, চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড এবং সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড চালু করা হবে, যাতে চিকিৎসাসেবা সহজলভ্য হয়।
তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করে বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নিবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। সংবাদ বিজ্ঞপ্তি