নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের তাহিরপুরে ১ হাজার ১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি ইলেকট্রিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৪ ইঞ্চি কর্ডেক্স উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ২৮ জানুয়ারি আনুমানিক রাত ১০টায় জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল এলাকার বারেকটিলা ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে অভিযান চালায়।
এ সময় অজ্ঞাতনামা ২/৩ ব্যক্তি একটি হলুদ ও সবুজ রঙের কাপড়ের ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়, যা থেকে র্যাব সদস্যরা এসব ইন্ডিয়ান পাওয়ার জেল, ইলেকট্রিক ডেটোনেটর, নন-ইলেকট্রিক ডেটোনেটর ও কর্ডেক্স উদ্ধার করে।
ইন্ডিয়ান পাওয়ার জেল, ইলেকট্রিক ডেটোনেটর, নন-ইলেকট্রিক ডেটোনেটর ও কর্ডেক্স উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসব আলামত নাশকতার কাজে ব্যবহারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।