ব্যক্তির ক্ষমতার স্বাদ পূরণে এ দেশের মানুষ আর বলি হবেনা : মামুনুল হক

প্রকাশিত January 28, 2026
ব্যক্তির ক্ষমতার স্বাদ পূরণে এ দেশের মানুষ আর বলি হবেনা : মামুনুল হক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবেনা। কোনো ব্যক্তির ক্ষমতার স্বাদ পূরণের জন্য এ দেশের মানুষ আর নিজেকে বলি দিবেনা। দেশে পরিবর্তনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেছেন, ১১ দলীয় ঐক্যের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন ঘটবে-ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে সাম্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র।
মঙ্গলবার (২৭ জনুয়ারি) রাত ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ‘রিকশা’ প্রতীকের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের জেলায় জেলায় জুলাই শহীদদের কবর রয়েছে। এখন পযর্ন্ত তাদের রক্তের দাগ মুছে যায়নি। সেই সকল শহীদের রক্তের সাথে গাদ্দারি করার নীল নকশা আঁকা হচ্ছে। তাই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা ১১টি দল হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছি।’
তিনি বলেন, কোনো ষড়যন্ত্রকারী যেন ভোট ছিনতাই করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন বরুণা মাদরাসার মুহতামিম সাইদুর রহমান বর্ণভী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজি, মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী আহমদ বিলাল, খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী প্রমুখ।