জৈন্তাপুরে দিনভর গণসংযোগ ও সমাবেশ করলেন আরিফুল হক

প্রকাশিত January 27, 2026
জৈন্তাপুরে দিনভর গণসংযোগ ও সমাবেশ করলেন আরিফুল হক

সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে নারীদের উন্নয়ন ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নারীদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পরিবারের অভাব-অনটন দূরীকরণে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেছেন, ইসলাম নারীকে যথাযোগ্য সম্মান ও অধিকার দিয়েছে। মা-বোনদের ঘরের কোণে বন্দি না রেখে ইসলামী মূল্যবোধের গণ্ডির ভেতরে থেকেই তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি/১৩ মাঘ) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন, ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ও জৈন্তাপুর ইউনিয়নে দিনভর সমাবেশ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, নারীরা যদি কারিগরি শিক্ষা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলে তাহলে সমাজে তাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং পরনির্ভরশীলতা দূর হবে, পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে। এতে হানাহানি, হিংসা ও অশান্তি দূরে হবে অন্যদিকে পরিবার ও সমাজ-উভয়ই উপকৃত হবে।
তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ-শান্তির পরিবেশ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তারা নিজেরা পরিবারের হাল ধরতে পারেন। ঘরে বসে ব্যবসা-বাণিজ্যে করতে পারেন এমনকি অনলাইনের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা নিতে পারেন। বর্তমান যুগে ঘরে বসে অনলাইন কেনাকাটার পাশাপাশি ব্যবসা পরিচালনা করার সুযোগ রয়েছে। বিশেষ করে নারীরা ঘরে বসে কুটিরশিল্প ও বুটিক্সের কাজ করতে পারেন।
সাবেক মেয়র বলেন, দীর্ঘ ১৮বছর পর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। সুন্দর পরিবেশ বজায় রেখে নিরাপত্তা দিয়ে সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে নিতে হবে। নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। তাই বিএনপির নেতা-কর্মীদের সজাগ-সচেতন থাকতে হবে। কোন চক্রান্তে পা দিবেননা।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এ বি এম জাকারিয়া, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, মহানগর কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আফজাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের চিকনাগুল ইউনিয়ন সভাপতি ক্বারী মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি