উন্নয়ন ও সেবার রাজনীতিতেই বিশ্বাস করি : এম এ মালিক

প্রকাশিত January 27, 2026
উন্নয়ন ও সেবার রাজনীতিতেই বিশ্বাস করি : এম এ মালিক

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বলেছেন, তিনি উন্নয়ন ও মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করেন। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য।
মঙ্গলবার (২৭ জানুয়ারি/১৩ মাঘ) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
এম এ মালিক জানান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে তাকে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার আলোকে তিনি দেশের মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন।
তিনি জানান, অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এবং অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে বিএনপি সরকার গঠিত হলে সিলেট-৩ আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়ন নিশ্চিত করা হবে।
জলালপুর ও বাংলাবাজার-বাঘমারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা উল্লেখ করে তিনি নির্বাচিত হলে অবহেলিত এলাকার রাস্তার উন্নয়নই হবে তার অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, উপদেষ্টা নূরুল আমীন দুলু, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, যুবদলের নেতা মইনুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি