শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।
সোমবার (২৬ জানুয়ারি/১২ মাঘ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছির চৌধুরী বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, এটা তার জীবনের শেষ নির্বাচন। তাই সকলের দোয়া-আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
বিকেল ৫টায় আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভাটি ইয়ারাবাদ গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। মাওলানা রিফাত উল্লাহর সভাপতিত্বে এতে নাছির উদ্দিন চৌধুরী তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল করিম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা একরাম হুসাইন এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে ধানের শীষের জয়ই সাধারণ মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে দলের প্রতিটি স্তরের কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
পথসভার পূর্বে নাছির উদ্দিন চৌধুরী দাউদপুর গ্রামে স্থানীয় জনসাধারণের সাথে উঠান বৈঠক করেন। এরপর পর্যায়ক্রমে বড়গাঁও গ্রাম, রাহুতলা বাজার, নিজগাঁও বাজার ও আটগাঁও গ্রামে পৃথক নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন।