নিজস্ব প্রতিবেদক ; র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের বিয়ানীবাজার উপজেলার ইমন আহমদ হত্যা মামলার এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, বিয়ানীবাজার উপজেলার খশির এলাকার ইমন আহমদ গত ৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বাড়ি হতে বৈরাগীবাজার যান; কিন্তু আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিয়ানীবাজার থানায় একটি জিডি করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য মতে, ১০ ডিসেম্বর দুপুর আনুমানিক সোয়া ১২টায় উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরে হাত-পা বাঁধা ডুবানো অবস্থায় ইমন আহমদের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় তার ভাই বাদি হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অন্যান্য আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি সাজিদুল ইসলাম মুন্নাকে (২৩, পিতা মো ইব্রাহিম, দেলুটিয়া, ঘাটাইল, টাঙ্গাইল) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।