হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার শুরু হয়েছে। এতে আমন্ত্রিত ও অংশগ্রহণকারী গবেষকবৃন্দ ২০টি গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।
এ নিয়ে দ্বিতীয়বার আয়োজিত এই সেমিনার বৃহস্পতিবার (২২ জানুয়ারি/৮ মাঘ) উদ্বোধন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের গ্যারে ব্যানবেইস নির্বাচন ও মনিটরিং কমিটির চেয়ারম্যান জিন বিজ্ঞানী ড আবেদ চৌধুরী। উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির অধ্যাপক ড খন্দকার শরীফুল ইসলাম ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের সহযোগী পরিচালক ড এমেলী আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ড আবেদ চৌধুরী বলেন, হবিগঞ্জ ধান, চা ও আগরের জন্য খ্যাত। হবিগঞ্জের চা ও অত্যন্ত দামী আগর নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় চা ও আগর নিয়ে গবেষণায় বিশেষ উদ্যোগ নিতে পারে।
সেমিনারে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ সংক্রান্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রথম দিনের প্রথম অধিবেশনে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড মাহবুবা জাহান। মডারেটরের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ প্রোডাকশন বিভাগের সহকারী অধ্যাপক ড জান্নাত সোপান।
দ্বিতীয় অধিবেশনে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার আঞ্চলিক কেন্দ্রের চীফ সায়েন্টিফিক অফিসার ড মাহমুদুল ইসলাম নজরুল। মডারেটরের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লান্ট সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড মো আবুবকর সিদ্দীক। প্রথম দিনের অধিবেশনে কৃষি, পরিবেশ, প্রাণিস্বাস্থ্য ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা উপস্থাপিত হয়। এসব গবেষণায় ফসলের রোগ ও পোকামাকড়ের জৈবিক প্রক্রিয়া, টেকসই কৃষি ব্যবস্থায় উৎপাদন ও মাটির উর্বরতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের ফলন ও গুণগত মান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষি রোগ শনাক্তকরণ, প্রাণিসম্পদের পুষ্টি ও প্রজননস্বাস্থ্য, সংক্রামক রোগ ও পরজীবীজনিত সমস্যার বিস্তার এবং নগর সমাজের কিশোর অপরাধের মতো সামাজিক চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়।
সেমিনার আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে পূবালী ব্যাংক পিএলসি। সংবাদ বিজ্ঞপ্তি