জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি/৮ মাঘ) সকাল ১১টায় থানাবাজার মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
জানাজার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মুফতি আবুল হাসান, আনোয়ার হোসন খান, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ, মোস্তাক আহমদ, সাংবাদিক মোর্শেদ লস্কর, ইউনুছ আলী প্রমুখ।
বক্তারা তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক আব্দুল খালিক গত ১৮ জানুয়ারি আমেরিকার নিউইয়র্কে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
জকিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খালিক তাপাদার দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা শেষে ২০০৭ সালে আমেরিকা গমন করে স্থায়ীভাবে বসবাস করলেও জকিগঞ্জ প্রেসক্লাবের সাথে সর্বদা যোগাযোগ ছিল।