নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ভাঙিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি/৬ মাঘ) সিলেটে জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শহিদুল ইসলাম এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, লাউয়াই গ্রামে ধরাধরপুর মৌজার অন্তর্গত (এসএ ৩৪ ও বিএস ৭৫৭ নম্বর খতিয়ানের এসএ ৪৫১ ও ৪৫২, বিএস ৫২৯ ও ৫৩২ দাগ) প্রায় ২৩ শতক জমির মালিক ছিলেন তার পূর্বপুরুষরা। উত্তরাধিকার সূত্রে তিনি ও তার ভাই আমিনুল ইসলাম এখন এই জমির মালিক। এই জমিতে তাদের বসতবাড়িও রয়েছে; কিন্তু কিছুদিন পূর্বে বাড়ির উত্তর সীমানায় সীমানাপ্রাচীর নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী মৃত মখলিছুর রহমানের ছেলে ছাত্রদলের দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক পরিচয় দানকারী মিজানুর রহমান এবং তার চাচা মুজিবুর রহমান ও মুনিমুর রহমান তাতে বাধা দেন।
শহিদুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করা হলে তারা শালিস বৈঠকে বসেন। তাতে মিজানুর রহমান ও তার স্বজনদের দাবিকৃত মালিকানা সঠিক নয় বলে সিদ্ধান্ত হয়।
তা সত্ত্বেও ২০২৫ সালের ১২ ডিসেম্বর উল্লেখিত জমি জোরপূর্বক দখল করেন মিজানুর রহমান ও তার স্বজনরা। একই সঙ্গে তিনি ও তার ভাইকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে গত ১৪ জানুয়ারি তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর গত ১৭ জানুয়ারি এসএমপি কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেন আরো একটি। এছাড়া ১৮ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক বরাবরও অভিযোগপত্র দেন। অবহিত করেন সেনাবাহিনীকে; কিন্তু এখনো কোনো সহযোগিতা পাননি।
শহিদুল ইসলাম তাদের সম্পত্তি থেকে দখলদার চক্রকে উচ্ছেদ করতে জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন, মো আব্দুল ওয়াদুদ, কামাল আহমদ প্রমুখ।