নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লিবিয়া প্রবাসী সুমন মিয়াকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত একজনকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার সুমন মিয়া প্রায় ৮ বছর ধরে লিবিয়া প্রবাসী। সেখানেই আবু বক্কর নামের একজনের সাথে তার পরিচয় হয় এবং দু’জনের মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে মাস তিনেক আগে সুমন মিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তিনি আবু বক্করের নিকট তার পাসপোর্ট তুলে দেন; কিন্তু গত বছরের ১৩ সেপ্টেম্বর সুমন মিয়া প্রবাস থেকে দেশে তার পরিবারকে ফোনে জানান যে, আবু বক্করসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তাকে অপহরণ করে টাকা দাবি করছে। টাকা না দিলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে। তাই পরিবারের লোকজন ৩টি নম্বরে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে সর্বমোট ৩ লাখ ১৭ হাজার টাকা পাঠান। এরপরও ২০ ডিসেম্বর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে আরও ৩/৪ লাখ টাকা চায়।
এমন পরিস্থিতিতে সুমন মিয়ার ভাই বাদি হয়ে এসএমপির জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যা-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যা্ব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মো ছাদেক আহমেদকে (৩০, পিতা শাহ আলম, খশির, বিয়ানীবাজার, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।