নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মহানগরীর একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে এনসিপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। তবে অশুভ ইশারা কার বা কাদের ছিল তা স্পষ্ট করা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন কমিশন আইন ও ন্যায় বিচারের মাধ্যমে এহতেশামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে শেষ পর্যন্ত জনগণের অধিকার রক্ষা পায়। এটা সিলেট-১ আসনে জনগণের প্রত্যাশার স্পষ্ট স্বীকৃতি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মানুষের আস্থাকে আরো দৃঢ় করেছে।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, ‘শাপলা কলি’ সিলেট-১ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ও ন্যায়ের প্রতীক। এহতেশামুল হক জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে গিয়ে এলাকার বাস্তব সমস্যা, সম্ভাবনা ও মানুষের ন্যায্য দাবিগুলো দৃঢ় কণ্ঠে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো আব্দুর রহমান আফজাল। এতে সিলেট-১ আসনের জনগণ, দলীয় নেতাকর্মী ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আরো জানানো হয়, এনসিপি শুরু থেকেই স্বচ্ছ রাজনীতি, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। তাই কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের একতরফতা সিদ্ধান্ত এনসিপিকে মর্মাহত করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ জানান, জোট এখনো চাইলে সিলেটে ৩টি আসন এনসিপিকে দিতে পারে। তারা এ ব্যাপারে এখনো আশাবাদী। তবে আসন না পেলেও তারা জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর সদস্য সচিব কিবরিয়া সওয়ার ও জেলা সদস্য সচিব প্রকৌশলী মো কামরুল আরিফ।