পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত January 14, 2026
পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার কাটাগাং এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের আশেপাশে অভিযান চালায়।
সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি টিনের ঘরের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এসব বিস্ফোরকের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত চালাচ্ছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
আরো জানানো হয়েছে, এ ধরনের পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন ইলেকট্রিক ডেটোনেটর জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।