জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর বলেছেন, হাকালুকি হাওর অঞ্চলের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এখানকার পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। সবাইকে ইসিএ ব্যবস্থাপনার নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বুধবার (৭ জানুয়ারি/২৩ পৌষ) উপজেলা পরিষদ মিলনায়তনে হাকালুকি হাওর কেন্দ্রিক প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা-ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ইসিএ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো মাহমুদুল আলম খান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রধান শিক্ষক মো ইসহাক আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিবি কুলছুম, সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, মৎস্যজীবী প্রতিনিধি মো ফৈয়াজ সরকার, বেলাগাওঁ-সোনাপুর ভিসিজি প্রতিনিধি কামরুজ্জামান, নয়াগ্রাম ভিসিজি প্রতিনিধি মো আলম, গোবিন্দপুর ভিসিজি প্রতিনিধি মনিন্দ্র বিশ্বাস, শাহপুর-নিশ্চিন্তপুর-বাহাদুরপুর ভিসিজি প্রতিনিধি রাজীব চন্দ্র দাস প্রমুখ।
সভায় পরিবেশগত ঝুঁকি নিরসন, সচেতনতা বৃদ্ধি, নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধ ও টেকসই পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিবেশ-বান্ধব কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।