বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণই এ দেশের মালিক। সেই মালিকানা তুলে দেওয়ার জন্য এই গণভোট। দেশের পরিবর্তন চাইলে রাষ্ট্র পরিচালনায় একক ক্ষমতার অবসান ঘটিয়ে জুলাইয়ের আকাঙক্ষা বাস্তবায়নে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব।
গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (৭ জানুয়ারি/২৩ পৌষ) সকালে শহরের জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস সিলেট আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন।
সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক তথ্য কর্মকর্তা মো আকিকুর রেজা। তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।