বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ পুরোদমে শুরু হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
তিনি বলেন, সরকার প্রতিবছর জেলার ফসলরক্ষা বাঁধের জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকে। এ সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন ও ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে; কিন্তু ২০ ডিসেম্বর লোক দেখানো উদ্বোধনের প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও বিভিন্ন উপজেলায় এখনো পুরোপুরি কাজ শুরু করা হয়নি।
এ সময় অভিযোগ করা হয়, পিআইসি গঠনে সিন্ডিকেট জড়িত থাকায় কমিটি গঠনে অনিয়ম হয়েছে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা সহকারী প্রকৌশলীরা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠন করায় নির্মাণকাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।