নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি/২২ পৌষ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এহতেশাম হক বলেন, সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে অন্য দলের প্রার্থীদের তুলনায় অসম ও অন্যায় আচরণ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, যে কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি ঠিক সেই একই কারণ থাকা সত্ত্বেও সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এনসিপি নেতা আরো বলেন, একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ন্যায়সংগত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন; কিন্তু তার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের অভিযোগ উঠে এলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আস্থা কমে যাচ্ছে।
এনসিপি নেতা দাবি করেন, যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুবিধা দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়, তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা সম্ভব নয়।
নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ন্যায়বিচার ও সমান অধিকারের প্রশ্নে তারা রাজপথে ও সাংবিধানিক সব পথে আন্দোলন চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো আব্দুর রহমান আফজাল, জেলা আহ্বায়ক মো জুনেদ আহমদ, সিলেট মহানগর সদস্য সচিব গোলাম কিবরিয়া ও জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগর যুগ্মআহবায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা।